বাংলাদেশি পণ্য আমদানিতে লিথুয়ানিয়াকে অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম
বাংলাদেশি পণ্য আমদানিতে লিথুয়ানিয়াকে অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ থেকে ওষুধ, পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, আসবাবপত্র ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য আমদানির জন্য লিথুয়ানিয়াকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ভিদমন্তস ভারবিকাস প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ জানান।


সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা, দ্বিমুখী যোগাযোগ, জনবল ও কর্মসংস্থানের সুযোগ, মানব চলাচল ও অভিবাসন, ভিসা সুবিধা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও তারা মতবিনিময় করেন।


প্রতিমন্ত্রী ১৯৯২ সালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি স্মরণ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে সফট কূটনীতি সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের ওপর জোর দেন তিনি।


শামা ওবায়েদ ইসলাম বাণিজ্যে বৈচিত্র্য আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির জন্য লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানান।


এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরে কৃষি প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে লিথুয়ানিয়ার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।


বৈঠকে পরিবেশের অবক্ষয়, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।


দুই দেশের সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের সফর, ব্যবসায়ী প্রতিনিধি দল ও চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ, যুব ও শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক ও ক্রীড়া দল বিনিময় এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।


এমকে/বিএম২৪