কুরআন শিক্ষা ও চর্চায় উৎসাহ দিতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
কুরআন শিক্ষা ও চর্চায় উৎসাহ দিতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি দেশে কুরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি প্রতিযোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশি প্রতিযোগীদের এমন সাফল্য অর্জন দেশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি বিজয়ীদের পাশাপাশি তাদের শিক্ষক-উস্তাদ, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে অভিনন্দন জানান।


ধর্মচর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ও সমৃদ্ধ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশে ধর্মীয় শিক্ষার প্রসার এবং হাফেজ-আলেমদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকারও অঙ্গীকারবদ্ধ।


সাক্ষাৎকালে বিজয়ী প্রতিযোগী, তাদের অভিভাবক ও শিক্ষক-উস্তাদরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা বলেন, মাদ্রাসা-মক্তবসহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, হাফেজ ও আলেমদের সম্মানিত করা হলে কুরআন শিক্ষা ও ধর্মীয় চর্চার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।


রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং দেশের অধিকাংশ মানুষ মুসলিম। অতীতেও এ দেশের মানুষ ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অনেক ত্যাগ স্বীকার করেছে। নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক অভিযাত্রায় প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করে যাবে।


অনুষ্ঠানে কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে বিজয়ী হাফেজরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জনকারী আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ মোহাম্মদ জাকারিয়া, তৃতীয় স্থান অর্জনকারী তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার হাফেজা রাবেতা বিনতে রমজান, ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শেখ মো. মাহমুদুল হাসান (আশরাফী) এবং সাউদা বিনতে জামআ’হ রা. আন্তর্জাতিক বালিকা মাদ্রাসার হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ছিলেন।


অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিজয়ী হাফেজদের রাষ্ট্রপতির ক্রেস্ট এবং তাদের পরিবারের সদস্য ও উস্তাদদের সৌজন্য উপহার দেন। এ সময় বিজয়ীদের অভিভাবক, উস্তাদ, কুরআন শিক্ষা মিশন বাংলাদেশের পরিচালকসহ রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪