১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’
স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাচ্ছে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরে কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের বৈঠকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অংশ নেন কমিশনের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।
বৈঠকে জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত পাঁচটি বৈঠকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এসব অভিমত ও প্রস্তাবনাকে সমন্বয় করে বাস্তবায়নের সুপারিশ ও চূড়ান্ত সনদ খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই সনদের লক্ষ্য হচ্ছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ন এবং উন্নয়ন কাঠামোতে ঐকমত্যের ভিত্তি তৈরি করা। এ সনদকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।









