স্বাস্থ্য সুরক্ষায় রাকসু প্রতিনিধিদের তদারকি কার্যক্রম
রাবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের মান নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আজ ক্যাম্পাসজুড়ে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে শুরু করে আশেপাশের খাবারের দোকানগুলোতেও রাকসুর প্রতিনিধি দল পর্যবেক্ষণ চালায়।
তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দীন আম্মার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা। তাঁরা দোকানগুলোতে খাবারের মান, মূল্য, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের নানা অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন।
রাকসুর নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তারা সকল দোকান মালিককে খাবারের মান ও পরিবেশের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ন্যায্য মূল্যের বিষয়ে কঠোরভাবে নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।
রাকসু নেতারা বলেন, “শিক্ষার্থীরা আমাদের পরিবারের অংশ। তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি আমাদের দায়িত্ব। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে আমরা সর্বদা বদ্ধপরিকর।”









