সেনাবাহিনীর লংগদু জোনের অভিযান: সিজক মুখ এলাকায় ভারতীয় সিগারেট জব্দ
মো:ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক মুখ এলাকায় সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সদস্যরা।
গতকাল (৮ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় এবং সাব-জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের তত্ত্বাবধানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার প্রিয়মল এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল এ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় সিগারেটের চালানটি দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। চোরাকারবারিরা এ জন্য বাঘাইছড়ি, মারিশ্যা ও কাপ্তাই হ্রদপথ ব্যবহার করে আসছিল।
এ বিষয়ে সেনাবাহিনী আরও জানায়, সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ চোরাচালান রোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









