নাসিরনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি: বিডি মেইল
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নাসিরনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।
সংসদ সদস্য এম এ হান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে এম বশির উদ্দিন তুহিন এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থবিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. জহিরুল হক খোকন (ভিপি জহির), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আযম খান ও মো. মাঈনুল হোসেন চপল, জেলা শ্রমিকদলের সভাপতি মোস্তফা মিয়া এবং জেলা যুবদলের সভাপতি মো. শামিম মোল্লা। এ ছাড়া জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘অগ্নিসন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘নৈরাজ্য বন্ধ করো’, ‘সন্ত্রাসীদের বিচার চাই’ ও ‘দেশে শান্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে কিছু সময়ের জন্য উপজেলা সদরের প্রধান সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। তবে আয়োজকদের স্বেচ্ছাসেবকেরা সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের একটি চক্র গোপনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করে আবারও নৈরাজ্য ফিরিয়ে আনতে চায়। দেশের শান্তিপ্রিয় মানুষ তাদের এ ষড়যন্ত্র মেনে নেবে না।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, নির্যাতন, লুটপাট ও ভোট ডাকাতির মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই শাসনের পতন হয়েছে। এখন পরাজিত শক্তি আবারও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশ থেকে অগ্নিসন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।
তাঁরা আরও বলেন, নাসিরনগর সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির উপজেলা। এখানে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের কোনো স্থান নেই। নাসিরনগরের মানুষ সব সময় শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও থাকবে।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।








