মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ আজ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম
মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ আজ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ দুপুরে রায়ের দিন ঠিক করবেন। শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিল। সেদিন ট্রাইব্যুনাল জানিয়েছিল, রায়ের দিন অল্প সময়ের মধ্যেই নির্ধারণ করা হবে।

এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন, আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল রয়েছেন পলাতক অবস্থায়।

অপরদিকে, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি পাঠানোর পর সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

মামলাটিতে ৪২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে গত মাসে যুক্তিতর্কের মাধ্যমে বিচারকাজ শেষ হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টে সংঘটিত যুদ্ধাপরাধ, নির্যাতন ও হত্যা অভিযানের নির্দেশনা ও সহযোগিতার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।

আইনজীবীরা মনে করছেন, আজ রায়ের তারিখ নির্ধারণের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের এ মামলাটি বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।