বৈরি আবহাওয়া উপেক্ষা করে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় বিক্ষোভ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
বৈরি আবহাওয়া উপেক্ষা করে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় বিক্ষোভ

মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীকে স্বতন্ত্র ও পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নোয়াখালীবাসী অংশ নেন। ‘নোয়াখালীর উন্নয়নের জন্য বিভাগ চাই’, ‘আমরা অধিকার চাই, অনুগ্রহ নয়’, ‘দিতে হবে, দিয়ে দাও—নোয়াখালী বিভাগ দাও’, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’—এমন নানা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার নিয়ে বিক্ষোভকারীরা উপস্থিত হন।

সমাবেশে আন্দোলনকারীরা স্লোগান দেন— ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘রক্ত লাগলে রক্ত নে, নোয়াখালী বিভাগ দে’, ‘এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ চাই’ ইত্যাদি। তারা অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

নোয়াখালী জেলা সমিতি-ঢাকা, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদ, হাতিয়া দ্বীপ সমিতি, নোয়াখালী সোসাইটি-ঢাকাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও প্রবাসী পরিবারের সদস্যরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি নতুন নয়; বিগত ৩০-৪০ বছর ধরে এ অঞ্চলের মানুষ এই দাবি জানিয়ে আসছেন। স্বাধীনতার পর থেকে নোয়াখালীর নাম শুধুই ঘূর্ণিঝড় ও নদীভাঙনের সঙ্গে জড়িত হয়ে আছে। অথচ এখানে রয়েছে প্রচুর সম্ভাবনা। আলাদা বিভাগ গঠিত হলে নোয়াখালী দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।

তারা অভিযোগ করেন, যুগের পর যুগ সরকারগুলো নোয়াখালীর সঙ্গে বৈষম্য করে এসেছে। জেলার উন্নয়ন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখানে নেই কোনো সিটি কর্পোরেশন, কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা আধুনিক নাগরিক সুবিধা। এসব বৈষম্য দূর করতে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করা জরুরি বলে মত দেন বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম খান বেলাল ও সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ দুলাল, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান আলো, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ, নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ)-ঢাকার দপ্তর সম্পাদক এফ আই মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মো. শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “সরকার যদি নোয়াখালীর মানুষের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে দ্রুত এ অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা দিতে হবে। অন্যথায় এই আন্দোলন আরও বেগবান হবে।”