ফলাফল খারাপ? হতাশ হয়ো না, পারবে তুমিও- স্বপ্ন দেখো, বদলে দাও নিজেকে

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম
ফলাফল খারাপ? হতাশ হয়ো না, পারবে তুমিও- স্বপ্ন দেখো, বদলে দাও নিজেকে

মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেকেই আনন্দে ভাসছে, আবার কেউ কেউ মুখ ভার করে ঘরে বসে আছে। কারও চোখে অশ্রু, কারও মনে হতাশা। কিন্তু এই খারাপ রেজাল্টই কি জীবনের শেষ কথা? একদমই না। ব্যর্থতা আসলে সফলতারই সূচনা—এই কথাটি আবারও প্রমাণ করেছে এক তরুণের গল্প।

পরীক্ষায় বন্ধুদের মতো চমৎকার রেজাল্ট করতে পারোনি, তাই মনটা আজ মেঘলা আকাশের মতো অন্ধকার হয়ে আছে, তাই না? চারদিকে পরিচিত মানুষের সামনে যেতেও সংকোচ হচ্ছে। দরজা বন্ধ করে একাকী হতাশার সাগরে ডুবে যাচ্ছো। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই যেন তোমার বিপক্ষে।

কিন্তু থেমে থেকো না। এটি কেবল জীবনের একটি অধ্যায়, শেষ নয়। সামনে আরও অনেক সুযোগ, আরও অনেক সিঁড়ি অপেক্ষা করছে তোমার জন্য। বিশ্বাস রাখো নিজের ওপর, পরিশ্রম চালিয়ে যাও—একদিন দেখবে সফলতা তোমার হাতের মুঠোয়।

সোহেলের বাস্তব গল্প:

আমার গ্রামের ছোটভাই সোহেল। স্কুলজীবনে সে মোটামুটি ভালো ছাত্র ছিল, পরীক্ষাও ভালো দিয়েছিল। কিন্তু যেদিন রেজাল্ট বের হলো, মনে হলো আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। জিপিএ ছিল গড়ের নিচে, সবাই হতাশ, কেউ তাকে বোঝেনি—বরং তাচ্ছিল্য করেছে।

কিন্তু এখানেই শেষ নয়। সোহেল হাল ছাড়েনি। নিজের সাথে নিজের প্রতিযোগিতা শুরু করল। কলেজজীবনে সে রাতদিন পরিশ্রম করল, নিজেকে গড়ল নতুন করে। ফলাফল? দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় সে একের পর এক সাফল্য পেল। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ২০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিল সেই ‘ব্যর্থ’ সোহেল।

তাহলে বলো, যে ছেলেকে সবাই একদিন ব্যর্থ ভেবেছিল, সে কি সত্যিই ব্যর্থ ছিল? না, বরং সে এখন সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

একজন পণ্ডিতের গল্প:

একজন পণ্ডিত একসময় স্কুলে একেবারেই ভালো করতে পারতেন না। একদিন শিক্ষক তাকে অপমান করে ক্লাস থেকে বের করে দেন। হতাশ হয়ে বাড়ি ফেরার পথে নদীর ঘাটে বসে তিনি লক্ষ্য করেন, মাটির কলসের ঘষায় পাথর ক্ষয়ে গেছে। সেই দৃশ্যই তার জীবন বদলে দেয়। তিনি ভাবলেন, যদি পাথর ক্ষয়ে যেতে পারে, তবে আমি কেন পরিবর্তন হতে পারবো না?

তারপর শুরু হয় অধ্যবসায়। অল্প কিছুদিনের মধ্যে সেই ছাত্র হয়ে ওঠেন শ্রেষ্ঠ পণ্ডিতদের একজন।

মনোবিজ্ঞানীদের পরামর্শ:

মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, খারাপ রেজাল্ট মানেই জীবনের শেষ নয়। যারা বিপর্যয়ের মুখে আত্মহত্যার মতো ভয়ংকর সিদ্ধান্ত নেয়, তারা আসলে আগে থেকেই মানসিকভাবে অস্থির থাকে। বাবা-মা, পরিবার ও শিক্ষকরা যদি পাশে থাকেন—তাহলে শিশুরা এমন চিন্তা থেকে সহজেই বেরিয়ে আসতে পারে।

শেষ কথা:

তুমি যদি আজ খারাপ রেজাল্টে কষ্ট পাও, মনে রেখো—এটা শেষ নয়, বরং শুরু। চোখের পানি মুছে ফেলে নিজের সাথে প্রতিশ্রুতি দাও, “আগামী দিনে আমি নিজেকে বদলে দেবো।”

যারা আজ তোমাকে তুচ্ছ ভাবছে, একদিন তাদের ভুল প্রমাণ করে দেখাও। আত্মবিশ্বাস রাখো, পরিশ্রম করো, স্বপ্ন দেখো।

কারণ দিনশেষে, সাফল্য আসবেই।

মনে রেখো—পরীক্ষার রেজাল্ট তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না, তোমার প্রচেষ্টাই নির্ধারণ করে।

রেজাল্ট খারাপ মানেই ব্যর্থতা নয়। পৃথিবীর হাজারো সফল মানুষ কখনো ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু তারা নিজেদের পরিশ্রম ও স্বপ্ন দিয়ে পৃথিবী বদলে দিয়েছে। তাই সময় নষ্ট না করে এখনই শুরু করো নতুন করে।

চলো, স্বপ্ন দেখি—কারণ স্বপ্নই জীবন।