ঢাকা বিশেষ অভিযানে জাপা মহাসচিব কাজী মামুনুর রশীদ গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
ঢাকা বিশেষ অভিযানে জাপা মহাসচিব কাজী মামুনুর রশীদ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করে ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাকে আটক করা হয়। একই রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় জাপা নেতা মামুনুর রশীদকে। তার বিরুদ্ধেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি সূত্র জানিয়েছে, ফয়জুর রহমান বাদলের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ছাড়াও একাধিক মামলা চলমান। ২০২৪ সালের ৪ নভেম্বর এক ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এ ছাড়া ‘জুলাই আন্দোলন’-এর ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার সঙ্গেও তার নাম যুক্ত রয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, ফয়জুর রহমান বাদলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। আর কাজী মামুনুর রশীদের বাড়ি একই উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে।