এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ
মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর দুইটার পর থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর আগে, দুপুর ১২টার মধ্যে তাদের দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করার জন্য শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়কে আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ অবরোধে নামে।
বিক্ষোভ চলাকালে শিক্ষক-কর্মচারীদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পুরোপুরি অবরুদ্ধ করেন। এতে শাহবাগ থেকে বাংলা মোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্টন ও বেইলি রোডমুখী সড়কে যানজট সৃষ্টি হয়।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। আন্দোলনকারীদের দাবি—
১. বাড়িভাড়া ২০ শতাংশে উন্নীত করা,
২. চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা,
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
জানা গেছে, এসব দাবিতে গত রোববার (১২ অক্টোবর) থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লাগাতার কর্মসূচি পালন করছেন। বুধবার আন্দোলনের চতুর্থ দিনে দেশজুড়ে থেকে আসা শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে শহীদ মিনার এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
আন্দোলনকারীরা বলেন, সরকারি চাকরিজীবীদের ভাতাদি ও সুবিধা প্রতি বছর সমন্বয় করা হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় বিক্ষোভ চলছিল। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং বিকল্প সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।









