উপজেলা মসজিদ কমপ্লেক্সের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ছে: সারজিস আলমের সুসংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম
উপজেলা মসজিদ কমপ্লেক্সের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ছে: সারজিস আলমের সুসংবাদ

ডেস্ক রিপোর্ট: 

সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এসব ধর্মীয় কর্মকর্তাদের বেতন কাঠামো বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

সারজিস আলম লেখেন, “সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম রয়েছেন। তাদের বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং সাড়ে ৭ হাজার টাকা। গতকাল নামাজ শেষে এক ইমাম সাহেব জানালেন, এই বেতনে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। কারণ, ফজর থেকে এশা পর্যন্ত তারা মসজিদেই থাকেন এবং অন্য কোনো কাজের সুযোগও থাকে না।”

তিনি আরও জানান, “পরে বিষয়টি মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হয়। এনসিপির পক্ষ থেকে আমরা ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন যথাক্রমে অন্তত ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছি। মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে যৌক্তিক মনে করেছেন এবং আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

সারজিস আলম বলেন, “ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাবো। তবে দুঃখজনকভাবে এখনও দেশের অনেক মসজিদে ইমাম ও মুয়াজ্জিন আছেন, যারা মাসে ৫ হাজার টাকাও পান না। তাই দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করা এখন সময়ের দাবি।”

এনসিপির এই নেতার ফেসবুক পোস্টটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা অনেকটা বৃদ্ধি পাবে।