কার্পেটিংয়ের ৬ দিন পরই সাড়ে ৬ কোটি টাকার সড়কে ধস

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম
কার্পেটিংয়ের ৬ দিন পরই সাড়ে ৬ কোটি টাকার সড়কে ধস

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র ছয় দিনের মাথায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশে ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো সময় আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।


স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি কেটে এনে সড়কে ব্যবহার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে যথাযথ পাইলিং ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীনও একই স্থানে একবার ধস নেমেছিল। তখন যথাযথভাবে মেরামত না করায় আবারও একই স্থানে ধস দেখা দিয়েছে বলে দাবি তাঁদের।


তবে ঠিকাদার ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাবি, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের সৃষ্টি হয়েছে।


স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি বাস্তবায়ন করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।


সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র ছয় দিন পরই সড়কের প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস দেখা দেয়। এতে পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে এবং চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে।


স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণকাজের সময় থেকেই বিভিন্ন স্থানে মাটি ভরাট ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ছিল। বিশেষ করে পাশের খাল থেকে মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। কিন্তু খালের পাড় ও সড়কের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং করা হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দিয়েছে।


তাঁদের দাবি, বর্তমানে যে স্থানটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীনও সেখানে একবার ধস নেমেছিল। তখন পাইলিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থায়ীভাবে মেরামত করা হলে নতুন করে ধসের ঘটনা ঘটত না। কিন্তু তড়িঘড়ি করে কাজ শেষ করায় নির্মাণের এক সপ্তাহের মধ্যেই আবারও একই স্থানে ধস নেমেছে।


স্থানীয়রা আরও জানান, সড়কটি সামন্তসার ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণে এখন আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


তাঁরা দ্রুত ধসে পড়া অংশ মেরামত, ফাটল ধরা স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং পুরো সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন।


স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘রাস্তা করার সময়েই এই জায়গায় ভাঙছিল। তখন তারা খালের পাশ থেকেই ভেকু দিয়া মাটি নিয়া এই জায়গায় দিছে। তখন আমরা বলছিলাম—এই মাটি দিলে আবারও ভাঙবো; কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। কোনো রকম বালু আর খোয়া দিয়া কাজ কইরা পিচ দিয়া গেলো। এখন আবার ভাঙলো। প্রথমবার ভাঙার পর যদি সঠিকভাবে কাজ করতো আজকে এমন হইতো না।’


আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘এক সপ্তাহ হয় নাই রাস্তাটা ভাইঙ্গা পড়ছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, করে নাই। তার ওপর রাস্তার পাশ থেকেই মাটি কাইটা রাস্তায় দিছে, এজন্য মাটি ভাইঙ্গা পইড়া গেছে। রাস্তার সাইডে যদি মাটি না থাকে তাহলে কীভাবে রাস্তা থাকবে। আমরা চাই এই রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।’


ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। যেহেতু এটা নির্মাণাধীন কাজ, আমরা সমাধান করে দেব।’


স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা কী বললো না বললো, এটা কোনো বিষয় না। তারা কাজের কী বুঝে।’


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কোনো বক্তব্য দিতে পারবো না, আমার সমস্যা হবে। আর আপনাদের কোনো বক্তব্য নেওয়া লাগবে না, আপনারা জিয়া ভাইয়ের (ঠিকাদার জিয়াউর রহমান) সঙ্গে কথা বলেন, তাহলেই হবে।’


এমকে/বিএম২৪