হাওরের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
হাওরাঞ্চলে উৎপাদিত বোরো ও আমন ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে ছয় দফা দাবি জানিয়েছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ’। এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, দেশের খাদ্যনিরাপত্তায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিস্তীর্ণ হাওরাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিবছর আগাম বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করে কৃষকেরা বোরো ও আমন ধান উৎপাদন করেন। কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কার্যকর পদক্ষেপ না নিলে হাওরের কৃষি ও কৃষকদের টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—সরকারি ধান ক্রয়প্রক্রিয়ায় সংস্কার, কৃষি অবকাঠামো ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের প্রকৃত মূল্য নির্ধারণ ও বাজারব্যবস্থার উন্নয়ন, সহজ শর্তে কৃষিঋণ ও শস্যবিমা চালু, বাজার তদারকি ও সিন্ডিকেট দমন এবং কৃষি প্রযুক্তি ও উপকরণে ভর্তুকি বৃদ্ধি।
সরকারি ধান ক্রয় ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী ও ফড়িয়াদের দৌরাত্ম্য কমিয়ে ইউনিয়ন পর্যায়ে কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি এবং সরাসরি তাঁদের কাছ থেকে ধান কেনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আগাম বন্যার ঝুঁকি বিবেচনায় বৈশাখ মাসের শুরুতেই সরকারি ধান সংগ্রহ কার্যক্রম চালু, হাওরাঞ্চলের জন্য ধান ক্রয়ের বরাদ্দ বৃদ্ধি এবং ধানের আর্দ্রতার অনুপাতে মূল্য নির্ধারণ করে ধান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।
কৃষি অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সময়মতো টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ, হাওরের অভ্যন্তরে সাবমার্জিবল সড়ক ও ধান শুকানোর জন্য উঁচু খলা নির্মাণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় আধুনিক ধান সংরক্ষণাগার বা প্যাডি সাইলো এবং ধান শুকানোর মেশিন স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে কৃষকদের সঙ্গে পাইকারি বাজারের সরাসরি সংযোগ স্থাপন এবং সরকারি কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে কৃষিপণ্য বাজারজাতকরণে সহযোগিতার কথা বলা হয়েছে।
আর্থিক সহায়তার বিষয়ে সহজ শর্তে স্বল্প সুদে পর্যাপ্ত কৃষিঋণ প্রদান এবং আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির ক্ষতি মোকাবিলায় হাওরাঞ্চলে শস্যবিমা চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মিলমালিক ও বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং উৎপাদন খরচ বিবেচনায় কৃষকদের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ লাভ নিশ্চিত করে সরকারি ধানের ক্রয়মূল্য নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও উচ্চ মজুরি মোকাবিলায় কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিনে সরকারি ভর্তুকি বাড়ানো এবং এসব কৃষিযন্ত্রের মেরামতসেবা সহজলভ্য করার দাবিও জানানো হয়েছে।
স্মারকলিপির অনুলিপি কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সিলেট বিভাগীয় কমিশনারের কাছে পাঠানোর জন্য উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক মছিহুর রহমান রাসেল।
এমকে/বিএম২৪








