নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপকের ইন্তেকাল, শোকে স্তব্ধ কলেজ পরিবার ও সাবেক শিক্ষার্থীরা
সংগৃহীত
জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকান (বাংলা স্যার) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো নাসিরনগর কলেজ মোড় এলাকায় নাশতা করতে যান জামিল ফোরকান। নাশতা শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রিয় শিক্ষকের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নাসিরনগরজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘদিনের কর্মস্থল নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে স্থানীয় বাজার ও চায়ের দোকান—সবখানেই চলছে তাঁকে হারানোর আলোচনা। সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ পরিবার। কলেজ কর্তৃপক্ষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
কলেজের শিক্ষক শান্ত স্যার বলেন, ‘জামিল ফোরকান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক। ছাত্রদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তাঁর চলে যাওয়া কলেজের জন্য অপূরণীয় ক্ষতি।’
এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করছেন কলেজের সাবেক শিক্ষার্থীরাও। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্যারের ছবি দিয়ে শোকবার্তা প্রকাশ করছেন।
এক সাবেক শিক্ষার্থী লিখেছেন, ‘স্যারের ক্লাস মানেই ছিল হাসি, ভালোবাসা আর শাসনের মিশ্রণ। আজ স্যার চলে গেলেন, বিশ্বাসই হচ্ছে না।’
আরেক সাবেক শিক্ষার্থী লিখেছেন, ‘যে স্যার আমাদের মানুষ হতে শিখিয়েছেন, সেই স্যারকে হারিয়ে আমরা সত্যিই এতিম হয়ে গেলাম।’
পরিবারের স্বজনরাও তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত। সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আর জীবিত ফিরে না আসার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
শিক্ষকতা জীবনে জামিল ফোরকান একজন সৎ, নিষ্ঠাবান ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন তিনি। তাঁর হাতে গড়া শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে নানা পেশায় কর্মরত রয়েছেন।
তাঁর মৃত্যুতে নাসিরনগরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।
এমকে/বিএম২৪








