পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুর জেলা পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলী চোকদার নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত সাহেব আলী সরদার শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এলাকার মৃত মতিন চোকদারের ছেলে। তিনি পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরি ছিলেন। বর্তমানে জেলা পুলিশ লাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনের দেয়ালসংলগ্ন একটি নারকেল গাছে ডাব পাড়তে ওঠেন সাহেব আলী। এ সময় হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের দাফনের জন্য তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি ভবিষ্যতেও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘তিনি আমাদের আউটসোর্সিংয়ের একজন স্টাফ ছিলেন। ডাব পাড়তে গাছে উঠে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। জেলা পুলিশের পক্ষ থেকে যতটুকু সাহায্য প্রয়োজন, আমরা করেছি। ভবিষ্যতেও তাঁর পরিবারের পাশে থাকব।’
এমকে/বিএম২৪








