ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহা

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহা। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত ভোটগ্রহণে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত তালহা ৩০–২৭ ভোটে জাপানের প্রার্থীকে পরাজিত করে এ মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। শুরুতে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করলেও গত সেপ্টেম্বর মাসে ভারত ও দক্ষিণ কোরিয়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে চূড়ান্ত ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও জাপানের মধ্যে।

খোন্দকার এম. তালহা বর্তমানে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ফ্রান্স, মোনাকো এবং কোত দিভোয়ারে বাংলাদেশের রাষ্ট্রদূত। নির্বাচিত হওয়ার পর তিনি রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন আসন্ন সাধারণ সম্মেলনে, যা চলতি অক্টোবর মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত তালহা নির্বাচিত হওয়ার পর নির্বাহী বোর্ডের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি শুধু আমার নয়, বাংলাদেশের একটি ঐতিহাসিক অর্জন। বিশ্বব্যাপী বহুপাক্ষিকতার এই গুরুত্বপূর্ণ সময়ে আমি ইউনেস্কোর আদর্শ ও ম্যান্ডেট রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করে যাবো।”

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই অর্জনকে "অভূতপূর্ব কূটনৈতিক সাফল্য" হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই নির্বাচনে বাংলাদেশের জয়কে “একটি ঐতিহাসিক অর্জন” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টাসহ বাংলাদেশের স্থায়ী মিশনের নেতৃত্বের প্রশংসা করছি, যারা দক্ষতার সঙ্গে প্রচারণা চালিয়ে এই মর্যাদাপূর্ণ পদটি নিশ্চিত করেছেন। এটি আমাদের জাতির জন্য এক গর্বের মুহূর্ত।”

শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেন, “ইউনেস্কোর সর্বোচ্চ পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচন আমাদের দেশের শিল্প, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রতি বিশ্বব্যাপী নতুন করে দৃষ্টি আকর্ষণ করবে। এটি নিঃসন্দেহে এক বিরল সম্মান।”

সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “ইউনেস্কোর সাম্প্রতিক অধিবেশনগুলোতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। এই নতুন দায়িত্ব আমাদের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণবন্ত রূপকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করার অসাধারণ সুযোগ এনে দিয়েছে।”

উল্লেখ্য, ২০২১ সালে রাষ্ট্রদূত খোন্দকার এম. তালহা ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের স্বার্থরক্ষা ও সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন।

ইউনেস্কোর ইতিহাসে এটি দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি সভাপতি পদে নির্বাচিত হলেন। এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হলো বলে বিশেষজ্ঞদের অভিমত।