ভোলার উপকূলে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, নজরদারিতে ৩৭১ মণ্ডপ
ছবি: বিডি মেইল
মো. সুলাইমান, ভোলা জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলাসহ উপকূলীয় এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দক্ষিণ জোনের আওতাধীন ছয় জেলার ১৮টি উপজেলার উপকূলীয় অঞ্চলে ৩৭১টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ জোনের আওতাধীন উপকূলীয় অঞ্চলের ৩৭১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে জরুরি সেবা নম্বর **১৬১১১**-এ যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান (এন), বিএন।








