ভোলায় ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করলেন সিভিল সার্জন
ছবি: বিডি মেইল
মো. সুলাইমান, ভোলা জেলা প্রতিনিধি
ভোলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্প, কম্বাইন্ড ক্যাম্প এবং গর্ভকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক। এসব কার্যক্রম পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) ভোলা সদর উপজেলার রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এসব স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
ব্র্যাকের ভোলা সদর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং চিকিৎসাসেবা গ্রহণ করেন। সিভিল সার্জন, ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ব্র্যাকের স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম। তিনি এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








