হামে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
হামে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।


শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকায় ৫২৮ জন, রাজশাহীতে ১৪ জন, সিলেটে ১০৪ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ৮৩ জন, ময়মনসিংহে ৪২ জন, খুলনায় ৫৯ জন এবং রংপুরে ৩০ জন।


প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।


এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৩২৮ জনের হাম শনাক্ত হয়েছে।


এমকে/বিএম২৪