সবাইকে গ্রেপ্তার করলেও আন্দোলন থামবে না, মোদিকে রাহুল গান্ধীর চ্যালেঞ্জ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম
সবাইকে গ্রেপ্তার করলেও আন্দোলন থামবে না, মোদিকে রাহুল গান্ধীর চ্যালেঞ্জ

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, পুলিশ মোতায়েন কিংবা নেতাকর্মীদের গ্রেপ্তার করে আন্দোলন দমন করা যাবে না। কোনো পরিস্থিতিতেই তাঁরা পিছু হটবেন না।


শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তা ও পোস্টে এসব কথা বলেন রাহুল গান্ধী।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যা খুশি করুন। ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করুন। সব নেতাকে গ্রেপ্তার করুন, সব তরুণকে গ্রেপ্তার করুন—আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’


রাহুল গান্ধী আরও বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। এই দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিপক্ষের রাজনৈতিক অবস্থান ও কর্মকৌশল সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।


কংগ্রেস নেতা অভিযোগ করেন, ক্ষমতাসীন শিবিরের নেতৃত্বের মধ্যে ভীতি কাজ করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাজনৈতিক চাপে রয়েছেন।


রাহুলের দাবি, বিরোধীদের ধারাবাহিক রাজনৈতিক তৎপরতার ফলে ক্ষমতাসীন শিবিরের প্রভাব ও কর্মকাণ্ডের পরিসর সংকুচিত হচ্ছে। তবে এসব বিষয়ে ক্ষমতাসীন পক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।