হামে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৪০
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৪ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে উপসর্গ ও নিশ্চিত—দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ১৮০ জন।
এদিকে, গত এক দিনে আরও ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।









