শরীয়তপুরসহ চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
শরীয়তপুরসহ চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির

ছবি: সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি


দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।


বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।


পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য পুলিশি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।


বৈঠকে আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।


পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মহানগর এলাকায় আগুন দেওয়া হয়েছে আরও তিনটি গাড়িতে।


এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।


এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের শনাক্তে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।