শরীয়তপুরে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা অব্যাহত, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে। মাঝেমধ্যেই মিছিল-সমাবেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধের ঘটনাও ঘটছে। বিশেষ করে গভীর রাতে এসব কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন বলে জানা গেছে। এ সময় তারা সড়কে অবরোধ সৃষ্টি করেন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
এর কয়েক ঘণ্টা আগে রাত ১০টার দিকে পদ্মা দক্ষিণ থানা পুলিশ নাওডোবা এলাকার একটি দোকান থেকে আওয়ামী লীগের কর্মীদের জন্য প্রস্তুত করা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে। কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে এসব খাবার তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।
তবে খাবারের প্যাকেট জব্দের পরও পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কীভাবে অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের আগাম সতর্কতা, গোয়েন্দা নজরদারি এবং ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়েও আলোচনা চলছে।
ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. মহিউদ্দিন মিরাজ বলেন, ‘তারা দীর্ঘ সময় অবস্থান নেয়নি, স্রেফ একটি ঝটিকা মিছিল করেছে। আমরা মহাসড়কে তাদের উপস্থিতি দেখার পরপরই তাদের ছত্রভঙ্গ করে দিই। বিক্ষোভকারীদের কাছে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ছিল এবং তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা মহাসড়কে আনুমানিক ১০ মিনিটের মতো ছিল।’
এদিকে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচির বিপরীতে স্থানীয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে। অবরোধের শুরুতে জাজিরা উপজেলা বিএনপির দৃশ্যমান কোনো প্রতিরোধ না থাকায় এ নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার বলেন, মাদারীপুরের শিবচর সীমান্ত অতিক্রম করে কিছু লোক এসে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
তারা সতর্ক অবস্থানে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, অরাজকতা সৃষ্টিকারীদের পুলিশ প্রশাসন প্রতিহত করবে। এ ক্ষেত্রে বিএনপি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।








