পদ্মায় মিলল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ, নেই মাথা-হাত-পা
ফাইল ছবি
রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা নেই। শুধু ধড়ের অংশ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এর মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।








