সরকারি হাসপাতালে স্যালাইনও বাইরে থেকে কিনতে হয়, মন্ত্রীর কাছে রোগীদের অভিযোগ
সূত্রঃ সংগৃহীত
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীদের স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে—এমন অভিযোগ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ ও সেবার মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে পূর্বঘোষণা ছাড়াই হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ বিতরণ ব্যবস্থা, রোগীদের খাবারের মান এবং চিকিৎসক সংকটসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন তিনি।
মন্ত্রীকে পেয়ে কয়েকজন রোগী ও তাঁদের স্বজন হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্ভোগের কথা তুলে ধরেন।
একজন শিশু রোগীর মা অভিযোগ করে বলেন, ‘৫ টাকার স্যালাইনও বাইরে থেকে কিনে আনতে হয়। এটা কিসের সরকারি হাসপাতাল?’
আরেক রোগীর বাবা হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা নামেই হাসপাতাল। অপরিষ্কার, অপরিচ্ছন্ন।’
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী সরবরাহ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন বলে জানা গেছে।









