যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে
ডেস্ক রিপোর্টঃ
নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তদন্তে সাবেক নির্বাচক ও নারী দলের ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের আংশিক সত্যতা মিললেও বিসিবির প্রকাশিত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা।
রোববার (৮ ফেব্রুয়ারি) জাহানারার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ এক বিবৃতিতে এই অসন্তোষের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার থাকলেও বিসিবি আনুষ্ঠানিকভাবে জাহানারাকে কোনো তথ্য বা প্রতিবেদন সরবরাহ করেনি।
জাহানারার আইনজীবীরা অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার পর বিসিবি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিলেও অভিযোগকারীকে তদন্ত প্রতিবেদনের কোনো কপি দেওয়া হয়নি। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে তারা মনে করেন।
এছাড়া বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়, তদন্ত কমিটি বোর্ডের নিজস্ব উদ্যোগে গঠন করা হয়েছিল। তবে এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে জাহানারার পক্ষ থেকে বলা হয়, কমিটিটি মূলত জাহানারার আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই গঠিত হয়েছিল, স্বপ্রণোদিতভাবে নয়।
বিসিবির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাহানারার করা চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে। তবে কোন দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং কোন যুক্তি ও প্রমাণের ভিত্তিতে বাকি দুটি অভিযোগ খারিজ করা হয়েছে—সে বিষয়ে প্রতিবেদনে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এই অস্পষ্টতাকেই স্বচ্ছতার অভাব হিসেবে উল্লেখ করে প্রশ্ন তুলেছেন জাহানারা।
এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্ত কমিটি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত অনুযায়ী, তার কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।









