বড় লিডে পাকিস্তানকে চাপে ফেলেছে ইংল্যান্ড
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
হেডিংলি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বড় লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইংল্যান্ড। পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৬৬ রান। ফলে ১৯৫ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থেমেছেন। ৯৩ বলে ১৩টি চার মেরে তিনি করেন ৯১ রান। ড্যান লরেন্সের সঙ্গে পঞ্চম উইকেটে তার ১২০ রানের জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। লরেন্স ৭৯ বলে ৫১ রান করে ফেরেন।
এর আগে জো রুট ও জর্ডান কক্সের ১৫০ রানের জুটিও ইংল্যান্ডের ইনিংসকে শক্ত ভিত দেয়। কক্স ১০০ বলে ১৪টি চারে ৭৩ রান করেন। রুট ১১২ বলে ১০টি চারের সাহায্যে করেন ৬৬ রান। এই ইনিংসের মাধ্যমে টেস্টে নিজের ৪৮তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন রুট, যা শচীন টেন্ডুলকারের সমান।
পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আলি উসমান। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে তিনি প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের কোনো বোলারের ১০ বছর পর পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি। এর আগে ২০১৬ সালে ইয়াসির শাহ এই কীর্তি করেছিলেন।
পাকিস্তানের হয়ে আলি উসমান পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলি একটি করে উইকেট শিকার করেন।
দিন শেষে জেমি স্মিথ ১৬ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনে তার ব্যাটে ভর করে ইংল্যান্ডের লিড আরও বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে, বড় লিডের কারণে পাকিস্তান ইতোমধ্যে ম্যাচে বেশ চাপে পড়ে গেছে।









