ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়িয়েছিল অজিরা, ২-১ এ সিরিজ জিতেছিল টিম টাইগার্স। ছোট ফরম্যাটে ফল উল্টে গেল, চট্টগ্রামে রোববার শেষ ম্যাচে বড় জয়ে বাংলাদেশকে ৩-০তে হোয়াইটওয়াশ করে ছাড়ল অজিরা। 

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

অজি অধিনায়ক মিচেল মার্শ খেলেছেন ম্যাচজয়ী ইনিংস। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রান করেন। জশ ইংলিশ ১৭ এবং কুপার কনোলি ১৭ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

শুরুতে বাংলাদেশ এমন ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, যেখানে মাত্র দুজন ব্যাটার দুঅঙ্ক ছুঁয়েছেন। ৫১ বলে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে রিশাদ হোসেনের থেকে।

অজিদের দুই পেসার স্পেন্সার জনসন ও নাথান এলিস নিয়েছেন দুটি করে উইকেট। স্পিনার অ্যাডাম জাম্পা নিয়েছেন দুটি উইকেট। নিখিল চৌধুরী একটি উইকেট নিয়েছেন।