প্রতি মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে কলকাতা, কটু মন্তব্যের বন্যা
ফাহিম ইসলাম,বিশেষ প্রতিনিধি:
মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চরম সমালোচনার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশেষ করে ফেসবুকে ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল পেজে ‘অ্যাংরি’ ও ‘হাহা’ রিঅ্যাকশনের বন্যা বয়ে যাচ্ছে। এর পাশাপাশি নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে প্রায় সব পোস্ট।
পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় কেকেআরের ফেসবুক পেজ থেকে প্রায় ১০ লাখ ফলোয়ার কমে গেছে। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা বাঁহাতি বাংলাদেশি পেসার মোস্তাফিজকে বাদ দেওয়ার আগে যেখানে পেজটির ফলোয়ার ছিল প্রায় ১ কোটি ৮০ লাখ, সেখানে তা নেমে এসেছে ১ কোটি ৭০ লাখে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৫ লাখ করে ফলোয়ার কমছে—যা হিসাব করলে প্রতি মিনিটে প্রায় ৩৪৭ জন এবং প্রতি সেকেন্ডে প্রায় ৫ জন ফলোয়ার হারানোর সমান।
মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণাসংক্রান্ত পোস্টটিতে দুই লাখ তিন হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার ‘অ্যাংরি’ এবং প্রায় ৪০ হাজার ‘হাহা’ রিঅ্যাকশন রয়েছে। পাশাপাশি ৬০ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে, যার বড় একটি অংশে বিসিসিআই, আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট ব্যবস্থাপনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। অনেক বাংলাদেশি সমর্থক সরাসরি কেকেআরের সিদ্ধান্তকে ‘অপমানজনক’ বলেও মন্তব্য করেছেন।
এ ঘটনার পর কেকেআর তাদের পেজে আরও ৯টি পোস্ট প্রকাশ করেছে। এসব পোস্টে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজ, ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবং অস্ট্রেলিয়ান পেসার ক্যামেরন গ্রিন–সংক্রান্ত খবর তুলে ধরা হয়। তবে সেসব পোস্টেও একই ধরনের ‘অ্যাংরি’ ও ‘হাহা’ রিঅ্যাকশন এবং নেতিবাচক মন্তব্যের আধিক্য দেখা গেছে, যা স্পষ্ট করে দিচ্ছে যে সমর্থকদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি।
এ বিষয়ে এখনো পর্যন্ত কেকেআর কর্তৃপক্ষ বা আইপিএল আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা বিবৃতি আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার ক্রিকেটভক্তদের আবেগ ও অনলাইন সক্রিয়তা এতটাই প্রবল যে জনপ্রিয় কোনো খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত ব্র্যান্ড ইমেজে তাৎক্ষণিক ও বড় ধরনের প্রভাব ফেলতে পারে—কেকেআরের ক্ষেত্রে সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে।
বা/মে২৪/ফা









