তানভীর-সাজ্জাদের নেতৃত্বে ঢাকা কলেজ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের কমিটি
মোঃ জাহেরুল ইসলাম: ঢাকা কলেজে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঢাকা কলেজ’-এর আগামী চার বছরের জন্য ১৫৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে সংগঠনের বিদায়ী সভাপতি পিয়াল হাসান ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইমনের সুপারিশে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ মাদবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাজ্জাদ শুভ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হোসাইন আহমেদ সীজান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খাইরুল ইসলাম খোকন।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দার্শনিক মোকলেছুর রহমান। পাশাপাশি ১৭ জন সহ-সভাপতি, ২৩ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ১৫৩ জন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ধারাবাহিকতা, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নিশ্চিত করতে বিদায়ী সভাপতি পিয়াল হাসান ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইমনকে অন্তর্ভুক্ত করে ১৯ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
তবে এবারের কমিটির সবচেয়ে আলোচিত দিক হচ্ছে—বিভিন্ন সৃজনশীল ও হাস্যরসাত্মক পদের সংযোজন। ফুটবল সমর্থকদের প্রাণবন্ত আড্ডা, সুস্থ প্রতিদ্বন্দ্বিতা এবং বন্ধুত্বপূর্ণ ট্রল সংস্কৃতিকে উৎসাহিত করতে বেশ কয়েকটি ব্যতিক্রমী পদ রাখা হয়েছে, যা ইতোমধ্যেই ঢাকা কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এসব পদের মধ্যে রয়েছে—‘ব্রাজিল দমন বিষয়ক সম্পাদক’ (আহসান হাবীব), ‘পর্তুগিজ দমন বিষয়ক সম্পাদক’ (নাফসি হাসান ময়ূর), ‘৭up খাওয়ানো বিষয়ক সম্পাদক’ (সাগর পারভেজ), ‘মৌসুমি ফ্যান দমন বিষয়ক সম্পাদক’ (নবিন বণিক জয়), ‘ট্রল বিষয়ক সম্পাদক’ (এলহামুল কাদির অন্ত), ‘উগ্র হলুদ ফ্যানদের চুবানো বিষয়ক সম্পাদক’ (মির্জা গোলাম রায়হান) এবং ‘দাঁত ভাঙা জবাব বিষয়ক সম্পাদক’ (আরিফুল ইসলাম রাজিন)।
এছাড়া ফুটবলের কৌশলগত বিভিন্ন দিককে প্রতীকীভাবে তুলে ধরতে ‘ডিফেন্স বিষয়ক সম্পাদক’, ‘মাঝমাঠ বিষয়ক সম্পাদক’, ‘ফরোয়ার্ড বিষয়ক সম্পাদক’, ‘VAR বিষয়ক সম্পাদক’ এবং ‘পেনাল্টি গোল দেওয়া বিষয়ক সম্পাদক’-এর মতো অভিনব পদও রাখা হয়েছে।
কমিটির প্রকাশিত তালিকার নিচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি এবং প্রধান কোচ লিওনেল স্কালোনির প্রতীকী অনুমোদন স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ঢাকা কলেজের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই এটিকে ফুটবলপ্রেমীদের ঐক্য, বন্ধুত্ব এবং আনন্দঘন সংস্কৃতির একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
নবনির্বাচিত সভাপতি তানভীর আহমেদ মাদবর বলেন, “ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ফুটবলকে ঘিরে বন্ধুত্ব, আনন্দ এবং ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক সাজ্জাদ শুভ বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা ও বন্ধনের নাম। আমাদের এই সংগঠন ক্যাম্পাসে সুস্থ ক্রীড়াচর্চা, সামাজিক সম্প্রীতি এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে হাস্যরস ও সৃজনশীলতার মাধ্যমে ফুটবলীয় সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তোলার চেষ্টা থাকবে।”
সংগঠনের নেতারা জানান, নতুন কমিটির মাধ্যমে নিয়মিত ফুটবলভিত্তিক আড্ডা, খেলা দেখা, প্রীতি ম্যাচ, সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন উৎসবমুখর আয়োজন পরিচালনা করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে সুস্থ সমর্থক সংস্কৃতি গড়ে তোলা এবং খেলাকে কেন্দ্র করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।









