জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী ফাহিম
বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ফজলুল হক ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী গোলাম রাসুল ফাহিম (১৮) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার ধানমন্ডি ক্রিটিকাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন হওয়ায় তার পরিবার সমাজের সকল হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ২ জুলাই অনুষ্ঠিত এইচএসসির প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার পর ৩ জুলাই রাতে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফাহিম। রাত আনুমানিক ১০টার দিকে কলেজ ব্রাঞ্চ রোড এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ধানমন্ডি ক্রিটিকাল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের বরাতে পরিবার জানায়, দুর্ঘটনায় ফাহিমের মেরুদণ্ড, বাম কাঁধসহ শরীরের একাধিক গুরুত্বপূর্ণ হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার একাধিক অস্ত্রোপচার, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী চিকিৎসার জন্য মোট প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। এর মধ্যে শুধু মেরুদণ্ডের অস্ত্রোপচার ও প্রাথমিক চিকিৎসার জন্যই প্রায় ৩ লাখ টাকা লাগবে।
ফাহিমের বাবা আগেই মারা গেছেন। তার অসহায় মা ফাতিমা মনি সীমিত সামর্থ্য নিয়ে একমাত্র সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন। পরিবারের কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় চিকিৎসার এই বিপুল ব্যয় বহন করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
ফাহিমের বন্ধুদের ভাষ্য, তিনি সবার কাছে একজন ভদ্র, মিশুক ও প্রাণবন্ত মানুষ হিসেবে পরিচিত। তারা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে গেলেও উন্নত চিকিৎসার জন্য আরও বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তাই তারা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফাহিমের বোন জান্নাত আরা বলেন, “আমার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। আমাদের পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাই সমাজের সকল হৃদয়বান মানুষের কাছে বিনীত অনুরোধ, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। আপনাদের সামান্য সহায়তাই হয়তো আমার ভাইকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে।”
সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৬২৬-৫৫৯২৫৯
পরিবারের সঙ্গে যোগাযোগ: ০১৩৪৫-৬৩৭৩৫০









