ঢাকা কলেজে ফুটবল উন্মাদনায় ব্যতিক্রমী আয়োজন, ১৫০০ শিক্ষার্থীকে ফ্রি কফি দিলেন ছাত্রদল নেতা
ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ ক্যাম্পাসজুড়ে চলছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের খেলা উপভোগ করতে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে জড়ো হচ্ছেন শত শত শিক্ষার্থী। এমন উৎসবমুখর পরিবেশের মধ্যেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন ঢাকা কলেজ ছাত্রদলের এক শীর্ষ নেতা।
আর্জেন্টিনার ম্যাচ উপলক্ষে কলেজ ক্যাফেটেরিয়ার সামনে ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কফি বিতরণের আয়োজন করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ শুভ। বড় পর্দায় খেলা উপভোগ করতে আসা শিক্ষার্থীদের জন্য এই আয়োজন ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলেছে।
জানা গেছে, ম্যাচ চলাকালীন এবং খেলা শেষে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের ক্লান্তি দূর করতে ও উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলতেই এ আয়োজন করা হয়। এতে সহযোগী পার্টনার হিসেবে ছিল Nestlé-এর জনপ্রিয় ব্র্যান্ড Nescafé। আয়োজকদের তথ্যমতে, এদিন প্রায় ১ হাজার ৫০০ কাপ কফি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
খেলা দেখতে আসা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজন নিয়ে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই বলছেন, ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এমন সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ খুব একটা দেখা যায় না।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, "ক্যাম্পাসে বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখা এমনিতেই দারুণ উত্তেজনার। তার ওপর মাঝরাতে ফ্রিতে গরম কফি পাওয়াটা আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। সাজ্জাদ ভাইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"
আরেক শিক্ষার্থী বলেন, "ফুটবলকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, এই ফ্রি কফি আয়োজন সেটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকুক, সেটাই প্রত্যাশা।"
ক্যাম্পাস সংশ্লিষ্টদের মতে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কমাতে এ ধরনের ইতিবাচক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা কাটিয়ে উঠতেও এমন সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রম সহায়ক হতে পারে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ শুভ বলেন, "সাধারণ শিক্ষার্থীদের মুখে একটু হাসি ফোটানো এবং ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীরা সাড়া দিয়েছেন, সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি।"
তিনি আরও জানান, ফুটবল উন্মাদনাকে ঘিরে আগামীতে আরও আয়োজন থাকবে। ব্রাজিলের পরবর্তী কোনো ম্যাচ উপলক্ষেও শিক্ষার্থীদের জন্য আবার ফ্রি কফির ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন কিছু চমক রাখার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
সাজ্জাদ শুভ বলেন, "শুধু ফুটবল উৎসব নয়, সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যুক্তিসঙ্গত আনন্দ ও প্রয়োজনের পাশে ভবিষ্যতেও আমরা থাকার চেষ্টা করব।"
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও এ আয়োজন নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ফেসবুকে ঢাকা কলেজের বিভিন্ন গ্রুপ ও পেজে ফ্রি কফি বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ছাত্রদল নেতার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিক্ষার্থীদের অনেকে মন্তব্য করেছেন, ক্যাম্পাসে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ আরও বৃদ্ধি পেলে শিক্ষা ও সহমর্মিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে।









