দ্বীপাঞ্চল ছাত্র পরিষদ কুতুবদিয়ার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন দ্বীপাঞ্চল ছাত্র পরিষদ কুতুবদিয়া-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজ মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল মোহাম্মদ মাহিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপাঞ্চল ছাত্র পরিষদ কুতুবদিয়ার প্রধান উপদেষ্টা, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মাসিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক এবং উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকবর খান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও সৃজন ফাউন্ডেশনের সভাপতি শামীম মোহাম্মদ ওমর ফারুক, দ্বীপাঞ্চল ছাত্র পরিষদ কুতুবদিয়ার উপদেষ্টা ও কৈয়ারবিল এম. আফজাল আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সাহেদ রিয়াজ, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাইসুল ইসলাম রুবেল। তাঁরা সংগঠনের গত তিন বছরের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আরও বর্ণিল হয়ে ওঠে।
এ সময় সংগঠনের উপদেষ্টা পরিষদ, সেক্রেটারিয়েট সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সদস্যরা আগামী দিনে শিক্ষা, সমাজসেবা ও মানবিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দ্বীপাঞ্চল কুতুবদিয়ার শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্ব তৈরী এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দ্বীপাঞ্চল ছাত্র পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থী ও সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।








