আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রাম জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃংখলা বাহিনীকে আহবান জানান ।
অবস্থান কর্মসূচি চলাকালে দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।
নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে।
তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।
কর্মসুচিতে জেলা বিএনপি উপজেলা বিএনপি,জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল,সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।









