চবির মেইন গেট বন্ধ, চক্রাকার বাস চালুর দাবি চাকসুর

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ এএম
চবির মেইন গেট বন্ধ, চক্রাকার বাস চালুর দাবি চাকসুর

সূত্রঃ বিডি মেইল

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি ও হঠাৎ চলাচল বন্ধের প্রতিবাদে প্রধান ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। একই সঙ্গে সিএনজি সিন্ডিকেট বন্ধ করে চক্রাকার বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন চাকসুর নেতারা।


সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রধান ফটকের সামনে অবস্থান নেন চাকসুর নেতারা ও শিক্ষার্থীরা। এ সময় ফটকের সামনে কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা যায়।


জানা গেছে, গ্যাস সংকটের কারণ দেখিয়ে কোনো পূর্বঘোষণা ছাড়াই ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। পরে সোমবার সন্ধ্যা থেকে কোনো ধরনের আলোচনা ছাড়াই ওই সড়কে সিএনজি চলাচল বন্ধ করে দেন চালকরা।


এতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এর প্রতিবাদে চাকসুর নেতারা ও শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে অবস্থান নেন।


চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ‘সিএনজি সিন্ডিকেটের কাছে বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী জিম্মি। প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এখন আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চক্রাকার বাস সার্ভিস চালু করতে হবে। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব। আমরা স্থায়ী সমাধান চাই।’


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক নুরুল হামিদ কানন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ১ নম্বর গেট থেকে ১০ টাকা ভাড়া চাওয়া হয়েছে, যেখানে নির্ধারিত ভাড়া ৭ টাকা। কোনো নোটিশ ছাড়াই তারা ভাড়া বাড়িয়েছে। তারা গ্যাস পাচ্ছে না—এমন বিষয় আমরা জেনেছি।’


তিনি বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।