৫৮ বিজিবির দৃঢ়তায় বিএসএফ কর্তৃক ৬ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ০৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) আনুমানিক ভোর সাড়ে ৫ টায় জেলার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেইট দিয়ে প্রতিপক্ষ ৫৯-বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ০৪ জন পুরুষ ও ০২ জন মহিলাসহ ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করে। বিষয়টি সামন্তা বিওপি'র টহল দলের নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেন।
বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের ফলে বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা কার্যকরভাবে ব্যর্থ হয়। বর্তমানে ওই ০৬ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টিকে কেন্দ্র করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বিএসএফ-কে অবহিত করেছে ৫৮-বিজিবি।
৫৮-বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি'র টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশেমাতৃকার অস্তিত্বের প্রশ্নে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান ৫৮-বিজিবি'র দায়িতপ্রাপ্ত কর্মকর্তা।








