২৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম
২৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি


শিক্ষকতা শুধু একটি পেশা নয়, কখনো কখনো তা হয়ে ওঠে হাজারো মানুষের জীবন গড়ার এক অনন্য সাধনা। সেই সাধনার স্বীকৃতি কী আর অর্থ কিংবা উপহারে দেওয়া যায়? তাই তো প্রিয় শিক্ষককে বিদায় জানাতে শিক্ষার্থীরা বেছে নিলেন এক ব্যতিক্রমী আয়োজন। ঘোড়ার গাড়িতে চড়িয়ে, ব্যান্ড পার্টির বাদ্য বাজিয়ে রাজকীয় আয়োজনে বাড়ি পৌঁছে দিলেন তাঁকে। দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের শেষ দিনে শিক্ষার্থীদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত শিক্ষকও।


বলছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব আলীর কথা। ১৯৯৭ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষকতা শুরু করেন তিনি। দীর্ঘ ২৯ বছর ধরে কত শিক্ষার্থীকে দিয়েছেন পাঠদান, শিখিয়েছেন জীবনের নানা পাঠ। তাঁর হাত ধরে শিক্ষাজীবন শেষ করে কেউ হয়েছেন প্রকৌশলী, কেউ চিকিৎসক, কেউ পুলিশ কর্মকর্তা, আবার কেউ সাংবাদিকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। সময় গড়িয়েছে, শিক্ষার্থীরা বড় হয়েছেন, নিজেদের জায়গা তৈরি করেছেন সমাজে। কিন্তু ভুলে যাননি তাঁদের জীবনের ভিত গড়ে দেওয়া সেই প্রিয় শিক্ষককে।


তাই তো কর্মজীবনের শেষ দিনে তাঁকে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন শত শত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। ফুলেল শুভেচ্ছা, স্মৃতিচারণ আর একসঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। এরপর ব্যান্ড পার্টির বাদ্য আর ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে পৌঁছে দেওয়া হয় তাঁর বাড়িতে। পুরো আয়োজনজুড়েই ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর ভালোবাসার প্রকাশ।


সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই যখন দেখা যায়, কোথাও শিক্ষকের ওপর হামলা, কোথাও লাঞ্ছনা, আবার কোথাও অপমানের ঘটনা, তখন ইয়াকুব আলীকে দেওয়া শিক্ষার্থীদের এই সম্মান যেন মনে করিয়ে দেয়, শিক্ষককে ঘিরে ভালোবাসা ও শ্রদ্ধার জায়গাটি এখনো হারিয়ে যায়নি।


একজন শিক্ষক তাঁর জীবনের সেরা সময়টুকু ব্যয় করেন শিক্ষার্থীদের মানুষ করতে। আর সেই শিক্ষার্থীরাই যখন বড় হয়ে ফিরে এসে শিক্ষকের প্রতি ভালোবাসা প্রকাশ করেন, তখন এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? বিদায়ী মুহূর্তে শিক্ষার্থীদের সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন শিক্ষক ইয়াকুব আলী।


অন্যদিকে, দীর্ঘদিনের এই সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত তাঁর সহকর্মীরাও। তাঁদের কাছে ইয়াকুব আলী শুধু একজন সহকর্মী নন, দীর্ঘদিনের পথচলার একজন প্রিয় মানুষ।


শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন তিনি। কিন্তু শিক্ষার্থীদের হৃদয়ে রেখে গেলেন অগণিত স্মৃতি, ভালোবাসা আর শ্রদ্ধার জায়গা। ঘোড়ার গাড়িতে চড়ে হয়তো শেষ হলো তাঁর ২৯ বছরের কর্মজীবনের একটি অধ্যায়। তবে যে মানুষটি হাজারো শিক্ষার্থীর জীবনে আলো জ্বালিয়েছেন, তাঁদের স্মৃতিতে তাঁর আসন থেকে যাবে আজীবন। পেশার বিদায় হয়, ভালোবাসার নয়।