জানুয়ারিতে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া: শিশির মনির

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
জানুয়ারিতে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া: শিশির মনির

ছবি: বিডি মেইল

মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


আগামী জানুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।


তিনি বলেছেন, বর্তমানে সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে যে কার্যক্রম চলছে, তা মূলত প্রস্তুতিমূলক। এখনো সংস্কার বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। প্রতিবেদন প্রকাশের পর এসব প্রস্তুতিমূলক কাজ বাস্তবে রূপ নেওয়ার সুযোগ তৈরি হবে।


শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে দিরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মোহাম্মদ শিশির মনির বলেন, ‘আমরা যে রাষ্ট্রকাঠামোর মধ্যে আছি বা এতদিন ছিলাম, সেখানে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন ছাড়া ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নানা ধরনের নেতিবাচক উপাদান থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ সংস্কারপ্রক্রিয়ায় সবার সহযোগিতা করা উচিত। একই সঙ্গে রাষ্ট্রকাঠামোকে নতুন ও কার্যকর ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ এগিয়ে নিতে হবে।’


তিনি আরও বলেন, ‘এই সংস্কার কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে কিংবা বিপক্ষে নয়। এটি কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়, বিপক্ষেও নয়। বরং সামগ্রিক রাষ্ট্রব্যবস্থার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য বাংলাদেশ রাষ্ট্রকে একটি সুসংগঠিত, কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত করা।’


শিশির মনির আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক সংস্কারপ্রক্রিয়া নিয়ে ভাবা এবং এ উদ্যোগে সহযোগিতা করা প্রয়োজন।


মতবিনিময় সভায় দিরাই প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।