গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার মোতায়েন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার মোতায়েন

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।


তিনি জানান, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী সাত জেলায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।


জেলাভিত্তিক মোতায়েনের মধ্যে রয়েছে—গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য।


আনসার বাহিনী সূত্রে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখতে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।


মোতায়েন করা সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন ও মোবাইল নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাঁরা।


সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।