হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের আকাশে সোমবার সন্ধ্যায় দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের একেবারে পাশে উজ্জ্বল আলোকপিণ্ডের মতো দেখা যায় শুক্রগ্রহ। চাঁদ ও শুক্রের এই কাছাকাছি অবস্থান নজর কাড়ে আকাশপ্রেমীদের।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় বিরল এই দৃশ্য। শরণখোলাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ স্বচ্ছ আকাশে চাঁদের পাশে উজ্জ্বল বস্তুটি দেখতে পান।
হঠাৎ এমন দৃশ্য চোখে পড়ায় কৌতূহলী হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির বাইরে, রাস্তার পাশে ও ভবনের ছাদে দাঁড়িয়ে অনেকেই মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে চাঁদের পাশে উজ্জ্বল আলোর দৃশ্য।
জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, চাঁদের পাশে দেখা উজ্জ্বল আলোকপিণ্ডটি কোনো অজানা বস্তু বা নতুন তারা নয়; এটি সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। সোমবার সন্ধ্যায় সরু বাঁকা চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছিল গ্রহটি।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, চাঁদ ও শুক্রের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল প্রায় ২৮ দশমিক ৮ আর্কমিনিট, অর্থাৎ এক ডিগ্রিরও কম। জ্যোতির্বিজ্ঞানে এ ধরনের কাছাকাছি অবস্থানকে ক্লোজ অ্যাপ্রোচ বা কনজাংশন বলা হয়।
চাঁদের পাশে উজ্জ্বল শুক্র যেন আকাশে আলোর মণি হয়ে কিছুক্ষণের জন্য মুগ্ধ করে রাখে শরণখোলাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে।
এমকে/বিডিমেইল২৪









