চবিতে ২৪ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা,চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী প্রথম RCASBC আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাংলাদেশ সেন্টার (RCASBC) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যৌথভাবে ‘Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হলো এমন একটি প্রাণবন্ত একাডেমিক পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা জ্ঞানচর্চা, গবেষণা এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে নতুন চিন্তার বিকাশ ঘটাবেন। সম্মেলনে ২৪টি দেশের অংশগ্রহণ এবং প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপন প্রমাণ করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে তার অবস্থান আরও শক্তিশালী করছে।
তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে না, বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ ও সহযোগিতার পথও তৈরি করে। সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও আলোচনার ফলাফল নীতিনির্ধারকদের জন্য কার্যকর নির্দেশনা হিসেবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, বিভিন্ন দেশ থেকে আসা গবেষক ও অংশগ্রহণকারীরা সম্মেলন থেকে যে অভিজ্ঞতা ও বার্তা নিয়ে নিজ নিজ দেশে ফিরবেন, তা ভবিষ্যৎ গবেষণা, নীতিনির্ধারণ ও আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৪টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ইতোমধ্যে একটি শক্তিশালী একাডেমিক নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও সম্মেলন আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ নিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাংলাদেশের পরিচালক অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত।
আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, কূটনীতিক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বিশ্বের ২৪টি দেশ থেকে সম্মেলনে মোট ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ জমা পড়ে। এসব গবেষণা-সারসংক্ষেপে ৮০০-এর বেশি স্বতন্ত্র লেখক ও গবেষক এবং বিশ্বের ১২০টির বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংকসহ বিভিন্ন একাডেমিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল।
গবেষণা-সারসংক্ষেপ পর্যালোচনা ও বাছাই শেষে সম্মেলনের ছয়টি বিষয়ভিত্তিক সেশনে প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
এমকে/বিএম২৪








