হঠাৎ কুকুর আতঙ্ক, অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা
সূত্রঃ সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে শিশু ও স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে কুকুর আতঙ্ক। প্রতিদিন কুকুরের কামড়ে আহত হয়ে অনেকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, চলতি ভাদ্র মাসে কুকুরের প্রজনন মৌসুমকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় কুকুরের আক্রমণাত্মক আচরণ বেড়েছে। কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকিতলা, আমতলা মোড়, মাইওয়ান মোড়সহ ফুলবাড়িয়া, মৌচাক, সফিপুর, বোয়ালী, শ্রীফলতলী, সূত্রাপুর, চাপাইর ও ঢালজোড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদিয়া তাসনিম মুনমুন বলেন, প্রজনন মৌসুমে কুকুরের আক্রমণাত্মক আচরণ বেড়ে যেতে পারে। জলাতঙ্কের ঝুঁকি এড়াতে কুকুরের কামড় বা আঁচড় লাগার সঙ্গে সঙ্গে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সরকারি হাসপাতাল থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন নেওয়া জরুরি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, কুকুরের উপদ্রবের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত ভ্যাকসিনেশন ও প্রতিরোধমূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিশুদের একা বাইরে না ছাড়তে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, কুকুরের দল রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করায় শিশু, শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কুকুরের কামড় থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
উপজেলার বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।









