ফোনে ব্যস্ত নিপুণ রায়কে স্পিকারের পরামর্শ—‘কাছেই লবি আছে, শেষ করে আসুন’

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ফোনে ব্যস্ত নিপুণ রায়কে স্পিকারের পরামর্শ—‘কাছেই লবি আছে, শেষ করে আসুন’

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় সংসদের অধিবেশনকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে সদস্যদের কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকা সংরক্ষিত নারী আসনের বিএনপির এমপি নিপুণ রায় চৌধুরীকে লবিতে গিয়ে কথা শেষ করার পরামর্শ দেন তিনি।


বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বক্তব্য চলার সময় এ ঘটনা ঘটে।


অধিবেশনে বিধি ৭১-এর আওতায় মোট ৬১টি নোটিশ পাওয়ার কথা জানান স্পিকার। এর মধ্যে তিনটি নোটিশ গ্রহণ করা হয়। অন্য নোটিশদাতাদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্বের জন্য মোট ৩০ মিনিট সময় নির্ধারিত ছিল।


সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের নির্ধারিত দুই মিনিটের বক্তব্য শেষ হওয়ার পরও অধিবেশনকক্ষে কথা বলছিলেন নিপুণ রায় চৌধুরী। এ সময় তাঁর দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয় নাই। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’


এরপর সংসদকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য অন্য সদস্যদেরও অনুরোধ করেন স্পিকার। তিনি বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’