স্ত্রীর কাছে টাকা দাবি, হোটেল কক্ষে মিলল শিক্ষকের মরদেহ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ এএম
স্ত্রীর কাছে টাকা দাবি, হোটেল কক্ষে মিলল শিক্ষকের মরদেহ

ফাইল ছবি

শরীয়তপুর প্রতিনিধি


শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, চিকিৎসার কথা বলে তাঁর স্ত্রীর কাছে দুই দফায় ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছিল।


মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা সদরের ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল বাশার গাজীপুর সদর উপজেলার ৮২ নম্বর খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।


পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে শরীয়তপুরের নড়িয়ায় দাদার বাড়ির উদ্দেশে রওনা হন আবুল বাশার। পরে তাঁর মুঠোফোন থেকে স্ত্রীর কাছে টাকা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরিবারের সদস্যরা তাঁর অবস্থান জানতে চাইলে একটি ছবি পাঠানো হয়। পাশাপাশি টাকা না দিলে তাঁর লাশ খুঁজে পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের।


পরে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ভেদরগঞ্জে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে পুলিশ ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।


ঘটনার পর থেকে হোটেলটির মালিক আতাউর রহমান ও ব্যবস্থাপক মামুন পলাতক রয়েছেন। তাঁদের পলাতক থাকার কারণ এবং শিক্ষকের মৃত্যুর সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। টাকা দাবির ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের ক্রাইম সিন টিম।


এমকে/বিএম২৪