নাটোরে দুর্ঘটনায় মৃত্যু, শরীয়তপুরে একসঙ্গে পাঁচ ব্যবসায়ীর জানাজা সম্পন্ন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ এএম
নাটোরে দুর্ঘটনায় মৃত্যু, শরীয়তপুরে একসঙ্গে পাঁচ ব্যবসায়ীর জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কাজিরহাটের ধুলট হাটায় শোকাবহ পরিবেশে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। শেষবিদায় জানাতে জানাজায় অংশ নেন স্বজন, বন্ধু, সহকর্মী ও স্থানীয় হাজারো মানুষ।


নিহত পাঁচ ব্যবসায়ী হলেন জুয়েল মাদবর, সালাল মোল্যা, সোহাগ শিকদার, সামাদ ফকির ও শাহিন বেপারী। তাঁরা দীর্ঘদিন ধরে কাজিরহাট ও আশপাশের এলাকায় ব্যবসা করে আসছিলেন।


এর আগে মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ ব্যবসায়ীসহ ১৪ জন নিহত হন।


নিহত ব্যবসায়ীরা রাজশাহীর তাহেরপুরে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য কিনতে যাচ্ছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা।


একসঙ্গে পাঁচ ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। জানাজায় অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


জানাজা শেষে নিহত পাঁচ ব্যবসায়ীর মরদেহ তাঁদের নিজ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।