ডিএমখালী ইউপি নির্বাচন: মালকান্দিতে রাসেদ ছৈয়ালের পক্ষে বড় সমাবেশ
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ৬ নম্বর ওয়ার্ডের মালকান্দিতে মেম্বার পদপ্রার্থী রাসেদ ছৈয়ালের পক্ষে আলোচনা সভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনগণের অভাব-অভিযোগ শোনা, এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং নির্বাচনী প্রচারণা জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রার্থীর সমর্থকেরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মিনহাজ মাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল বেপারী, ফারুক কাজি, আলামিন মল্লিক, সোহেল বেপারী, আরাফাত হাওলাদার ও মাহাবুব হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা রাসেদ ছৈয়ালের উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁরা ৬ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসাধারণের সমস্যা সমাধান এবং এলাকার অগ্রগতি নিশ্চিত করতে তাঁর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।
এ সময় মেম্বার পদপ্রার্থী রাসেদ ছৈয়াল স্থানীয় জনগণের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচিত হলে ৬ নম্বর ওয়ার্ডকে আধুনিক, উন্নত ও বৈষম্যহীন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন প্রার্থী।
সভায় উপস্থিত সমর্থকেরা আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে রাসেদ ছৈয়ালের পক্ষে প্রচারণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।








