সিংগাইরে প্রকাশ্যে কাটা হচ্ছে সরকারি রাস্তার গাছ!

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম
সিংগাইরে প্রকাশ্যে কাটা হচ্ছে সরকারি রাস্তার গাছ!

সংগৃহীত

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিংগাইর-মানিকনগর-সিরাজপুর সড়কের চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকায় রাস্তার পাশের বিভিন্ন প্রজাতির গাছ প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে। গত দুই দিন ধরে নির্বিচারে গাছ কাটার এ কর্মযজ্ঞ চলছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


সরেজমিনে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে দেখা যায়, ওই সড়কের পাশে বড় আকারের ১০টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। বাকি ৪১টি গাছ কাটার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গাছের ক্রেতা মো. মহাসিন খান।


তিনি বলেন, ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে প্রবাসী আব্দুস ছালামের কাছ থেকে টেলিফোনের মাধ্যমে ৫১টি গাছ ২ লাখ ৮০ হাজার টাকায় কিনেছেন। আব্দুস ছালাম দেশের বাইরে থাকায় তাঁর বোন কুলসুম আক্তার বিষয়টি দেখাশোনা করছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, শুরুতে গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় সিদ্দিক শেখের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উত্তেজনাও ছড়ায়। পরে বিষয়টি মীমাংসা হলে কোনো বাধা ছাড়াই গাছ কাটা শুরু হয়।


তবে গাছগুলো সরকারি সম্পত্তি বলে দাবি ওঠায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা গাছ কাটার কাজে বাধা দেন। এরপরও গাছ কাটা বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।


গাছের ক্রেতা মো. মহাসিন খানের দাবি, যাঁরা গাছগুলো রোপণ করেছেন, তাঁদের কাছ থেকেই তিনি গাছগুলো কিনে কেটে নিচ্ছেন।


প্রবাসী আব্দুস ছালামের বোন কুলসুম আক্তার বলেন, রাস্তা যখন সরু ছিল, তখন তাঁর মা-বাবা গাছগুলো লাগিয়েছিলেন। গাছগুলো তাঁদের নিজেদের। তবে সরকারি গাছ দাবি করে গতকাল ভূমি অফিসের লোকজন এসে গাছ কাটার কাজ বন্ধ করে দিয়েছেন।


চান্দহর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, সরকারি গাছ কাটার খবর পেয়ে তাঁরা বাধা দিয়েছেন। কেটে রাখা গাছগুলোও আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।


এ বিষয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির বলেন, গাছ কাটতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমকে/বিএম২৪