সিংগাইরে অগ্নিকাণ্ডে ৯ লাখ টাকার ক্ষতি, দগ্ধ গৃহকর্ত্রী হাসপাতালে

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
সিংগাইরে অগ্নিকাণ্ডে ৯ লাখ টাকার ক্ষতি, দগ্ধ গৃহকর্ত্রী হাসপাতালে

সংগৃহীত

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা উত্তরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড ঘর ও গরু পুড়ে গেছে। এ ঘটনায় গৃহকর্তা প্রবাসী আফসার উদ্দিনের স্ত্রী জহুরা বেগম (৫০) দগ্ধ হয়ে আহত হয়েছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।


শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আফসার উদ্দিনের ছেলে রায়হানের স্ত্রী সুমনা আক্তার জানান, বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু ও টিনশেড ঘর পুড়ে যায়। এ সময় তাঁর শাশুড়ি জহুরা বেগম আগুনে দগ্ধ হয়ে আহত হন। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সব মিলিয়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।


স্থানীয় ইউপি সদস্য মো. ইস্তাফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে একটি টিনশেড ঘরসহ বড় আকারের একটি গরু মারা গেছে এবং মাঝারি আকারের আরেকটি গরু আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।


জামশা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, আগুনে একটি গরু মারা গেছে এবং গৃহকর্ত্রী আহত হয়েছেন বলে শুনেছেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাবেন বলেও জানান তিনি।


এদিকে সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. মহিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে সেকেন্ড ইনচার্জ রতন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ ফায়ার সার্ভিসের সরকারি নম্বরে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার ফাইটার জানান, গত রাতে অগ্নিকাণ্ডের বিষয়ে তাঁদের কাছে কোনো খবর আসেনি।


এমকে/বিএম২৪