শাজাহানপুরে নিজ ঘর থেকে অর্ধগলাকাটা ব্যক্তির মরদেহ উদ্ধার
সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে নিজ ঘর থেকে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টুলু ওই গ্রামের মৃত আফাল উদ্দিন মন্ডলের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার বিবাহিত। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয়দের ভাষ্য, টুলু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে এলাকায় তিনি ‘টুলু পাগলা’ নামে পরিচিত ছিলেন। শনিবার সকালে নিজ ঘরে বাবার গলায় আঘাতের চিহ্নসহ মরদেহ দেখতে পান মেয়ে জুথি আক্তার। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জুথি আক্তারের দাবি, অসুস্থতাজনিত মানসিক যন্ত্রণায় তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন।
অন্যদিকে, স্থানীয়দের ধারণাও একই রকম। তবে অন্য কেউ তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
এমকে/বিএম২৪








